Ajker Patrika

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে।

সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন।

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলো দুলাল বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়টি ষড়যন্ত্রমূলকভাবে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ছেলেরা ও কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তাঁরা চলে যাওয়ার পরই এ ঘটনা ঘটানো হয়েছে। তাঁদের উদ্দেশ্য ছিল পার্টি অফিসটি জ্বালিয়ে দেওয়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা উল করিম পিছু বলেন, ‘ফ্যাসিবাদীরা সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। বিএনপি সরকারের সাত মাসের সফলতা ও অর্জন নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’

জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মো. আঁতর আলী শেখ বলেন, রাত ১টার দিকে প্রতিটি তালা পরীক্ষা করে তিনি বাড়ি চলে যান। তখন কাউকে দেখেননি। সকাল সাড়ে ৮টার দিকে তাঁত স্ত্রী কার্যালয়ের কেচিগেট পোড়া অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের খবর দেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছিল। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত