Ajker Patrika

কনসার্টে স্টেজে বসা নিয়ে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ‎

জবি প্রতিনিধি‎
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৭
কনসার্টে স্টেজে বসা নিয়ে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ‎
কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদলের দুই গ্রুপ। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কনসার্ট চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কনসার্টের স্টেজে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

‎গতকাল ‎বুধবার (১৬ সেপ্টেম্বর) মাঝ রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে স্টেজে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

‎সংঘর্ষে আহতরা হলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, ১২ ব্যাচের কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

‎‎ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, ‘তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তার মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

‎‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা-কাটাকাটি থেকে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।

‎তবে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎‎জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার জানান, ‘সিনিয়র জুনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। এটা আমরা মিটমাট করে ফেলেছি।’

‎‎এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত