Ajker Patrika

নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫২
নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নিহত ইসলাম শেখের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইসলাম শেখ (৫০) উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সদস্য ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় টিপু সুলতান ও তাঁর অনুসারীদের সঙ্গে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার শেখ ও তাঁর অনুসারী ইসলাম শেখের বিরোধ চলে আসছিল। আজ বিকেলে ইসলাম শেখ উপজেলার লাহুড়িয়া-কালিগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের ১০-১২ জন ইসলাম শেখের ওপর হামলা চালায়।

এ সময় ইসলাম শেখকে ধারালো রামদা ও ছেনদাও দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত