
জালিয়াতির মাধ্যমে রাজধানী গুলশানে ২৭ কাঠা সরকারি পরিত্যক্ত প্লট আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম অভিযোগ গঠন করেন।
অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তাঁর ভাই মীর মো. নুরুল আফছার, ইফফাত হক ও তাঁর স্বামী মোহাম্মদ আব্দুল মঈন, নুরুল হক, রহমান ভুঁইয়া এবং মাহবুবুল হক।
আসামি মাহবুবুল হকের আইনজীবী খাদেমুল ইসলাম অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো।
এর আগে গত ২০ মে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন তাদের আইনজীবীরা। পরে আদালত আদেশের জন্য দিন ধার্য করেন।
আদেশের সময় সালাম মুর্শেদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ১০ আসামিও আদালতে হাজির ছিলেন। তবে একজন সময়ের আবেদন করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অন্যদিকে, আরেক আসামি আব্দুস সোবহান পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।
গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর সড়কের পরিত্যক্ত প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলা করে দুদক। পরে গত বছর ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে খ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করেন। যা পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করে। পরে সালাম মুর্শিদী ভোগ দখল করতে থাকেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে