
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক সহকারী ও গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তাঁদের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে মাওয়া–লৌহজং–বালিগাঁও সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।
এতে প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা অভিযুক্ত সহকারী মো. ইমন হোসেন ও গাড়িচালক আল-আমিনকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেন। তা না হলে এসি ল্যান্ড কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সহকারী (উমেদার) ইমন হোসেন এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ দাবি করেন। জমির কাগজে ত্রুটি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হয় এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ঘোরানো হয়। এ ছাড়া জমি ভরাটের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে বিনা রসিদে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তাঁদের দাবি, মাসিক প্রায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করেও গত চার বছরে ইমন বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। নিজ এলাকায় দোতলা টিনশেড বাড়ি নির্মাণের পাশাপাশি বহুতল ভবন নির্মাণ করছেন বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া নরসিংদীর মনোহরদীতে জমি ক্রয়সহ খাসজমি বরাদ্দ নেওয়ার অভিযোগও তোলা হয়।
অন্যদিকে গাড়িচালক আল-আমিনের বিরুদ্ধেও নানা অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁদের ভাষ্য, তিনি এসি ল্যান্ডের নাম ব্যবহার করে এক বালু ব্যবসায়ীর কাছে ৬ লাখ টাকা দাবি করেন। এ ছাড়া খাসজমি বরাদ্দ নিয়ে তা ভাড়া দেওয়ার মাধ্যমে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেজগাঁও ইউনিয়নে স্বজনদের নামে জমি বন্দোবস্ত নিয়ে তা বিক্রির চেষ্টা করছেন বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী অরুণ মাঝি, জসীম মোড়ল, মোখলেস মিয়া, পিয়ারা বেগমসহ আরও অনেকে। তাঁরা অভিযোগ করেন, নানা অজুহাতে তাঁদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে এবং না দিলে হয়রানির শিকার হতে হয়েছে।
অভিযুক্ত ইমন হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। পরিবারের সহায়তায় তিনি সম্পদ গড়ে তুলেছেন এবং বিষয়টি তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে।
গাড়িচালক আল-আমিনও অভিযোগ অস্বীকার করে জানান, অনৈতিক দাবি না মানায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তাঁর বর্তমান কর্মস্থলে যোগদানের আগের। সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।

নরসিংদীর বেলাবো উপজেলায় ২২ বছর পর গঠিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয়ের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বেলাবো বাজারের কলেজ রোডে এই বিক্ষোভ...
২৬ মিনিট আগে
শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ ওরফে সোহাগ আলী অভিযোগ করেছেন, এই মামলায় তাঁর প্রকৃত বক্তব্য ও অবস্থানকে বিকৃত করা হয়েছে এবং সাক্ষ্য দিতে প্রস্তুত থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্তান মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে ফুয়েল কার্ড চালুর পর তেল নেওয়ার ভোগান্তি কিছুটা কমেছে বলে জানান মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার সরেজমিনে শহরের মেসার্স পার্ক ফিলিং স্টেশন, মেসার্স মিরপুর ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
২ ঘণ্টা আগে