
রাষ্ট্রদ্রোহ মামলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময়কে দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর চিন্ময়ের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
আদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় প্রিজন ভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় আদালত এলাকার মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের সংখ্যা এখনই বলা যাচ্ছে না।’ পরিস্থিতি এখনো (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) উত্তপ্ত আছে বলে জানান ওসি।
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা থেকেই কয়েক শ নারী-পুরুষ চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় তিন ঘণ্টা তারা প্রিজন ভ্যান আটকে রাখার পর বেলা ৩টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একপর্যায়ে আদালত ভবনের দ্বিতীয় তলায় থাকা বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। এ সময় আইনজীবীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময়কে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে চিন্ময় দাসকে আদালতে তোলা হয়। এ সময় আদালতজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। আদালতে তোলার পর চিন্ময়ের পক্ষে ৫১ জন আইনজীবী ছিলেন।

চিন্ময় দাসের নেতৃত্বে সম্প্রতি চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবিতে বেশ কয়েকটি সমাবেশ হয়। গত ৩০ অক্টোবর চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলার বাদী ছিলেন মো. ফিরোজ খান নামের বিএনপির এক নেতা। মামলার পরপরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল সোমবার বিকেলে সেই মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সূত্রে জানা গেছে, এরপর চিন্ময়কে রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চিন্ময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
এদিকে, চিন্ময়কে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সনাতনীরা। আজও তাঁদের বিক্ষোভ অব্যাহত। এর আগে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে চিন্ময় দাসসহ আরও কয়েকজনকে গত জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রামের হাজারী গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ‘ইসকন বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী এই বহিষ্কারের কথা জানান।

ভোলার বোরহানউদ্দিনে নিজ দলের ওএমএস ডিলারের কাছে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডিলার মো. আব্দুর রহিম ওরফে হাসান ফরাজী বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
১ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকালে ঘুন্টিবাজার এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের তিন আরোহী নিহত ও কয়েকজন আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
৫ মিনিট আগে
গতকাল রোববার রাত ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)। তিনি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
৮ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক দল কাজ করছে।
১৫ মিনিট আগে