
চাঁদপুরে ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ অন্যান্য ঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (রহ.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে এই এলাকায় মানুষের জনসমাগম ও যাতায়াত ব্যাপকভাবে বেড়েছে। দুটি উৎসব ঘিরে মানুষের সমাগম বাড়ার সঙ্গে ডাকাতির ভয় বাড়ায় নৌপথে টহল বৃদ্ধির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, কালীপুর-চরকালীপুর ট্রলারে পারাপার হতে সময় লাগে ১৫-২০ মিনিট। ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে এই সময়ে ট্রলারে প্রতিদিন ৮-১০ হাজার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে। আর এতটুকু দূরত্বের মধ্যে প্রায় প্রতিবছরই ডাকাতির ঘটনা ঘটে থাকে। এবারও ডাকাতির আশঙ্কা করছে স্থানীয় লোকজন ও নিয়মিত পারাপারের অনেক যাত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, সময় কম লাগার কারণে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার অসংখ্য মানুষ ঢাকা যাতায়াতের জন্য ট্রলারযোগে ধনাগোদা নদী পার হয়ে কালীপুর-চরকালীপুর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এই রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারে কয়েক হাজার যাত্রী পারাপার হয়। সাধারণত বছরের অন্যান্য সময় বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার দিনরাতে ৩-৪ হাজার যাত্রী এই পথে পারাপার হয়ে থাকে। ঈদে যাত্রীর সংখ্যা দাঁড়ায় দৈনিক ৭-৮ হাজারের মতো। কিন্তু এবার ঈদ ও স্থানীয় আলোচিত লেংটার মেলা একসঙ্গে হওয়ায় দৈনিক ১০-১২ হাজার যাত্রী পারাপার হতে পারে বলে আশা করছে স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও নৌঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এই সময়টাতে ছোট নদীতে ডাকাতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই সময়ে ধনাগোদা নদীতে অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আলী হোসেন নামের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার এক যাত্রী জানান, ‘আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। আমাদের ট্রলার যখন মাঝনদীতে, তখন ট্রলারটিকে লক্ষ্য করে দুই দিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল দুর্বৃত্তরা। আমিসহ ১১ জন যাত্রী ছিলাম ওই ট্রলারে। সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।’
মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু বলেন, ‘এই পথে কয়েক বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে যা ছিল ডাকাতেরা সব লুটে নেয়। ওই সময় ওদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও চরম খারাপ আচরণের কারণে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’
নাম প্রকাশ না করার শর্তে ট্রলারের কয়েকজন চালক জানান, ডাকাতেরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকেই আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।
বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, ধনাগোদা নদীতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঈদ ও লেংটার মেলাকে সামনে রেখে নদীপথে টহল জোরদার করা হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ঈদ ও স্থানীয় বৃহৎ লেংটার মেলাকে কেন্দ্র করে মানুষের যাতায়াত অনেক বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও সড়কপথের পাশাপাশি রেলপথে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যে যার মতো হুড়োহুড়ি করে প্রতিটি ট্রেনের ছাদে, এমনকি ইঞ্জিনের ওপর উঠছে। মই বেয়ে উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে।
৭ মিনিট আগে
খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহাগনগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
৪০ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে