আগামী ৫ ও ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল-সমাবেশ রুখতে নজরদারি বাড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। ইতিমধ্যে ফেসবুকে উসকানি, মিছিল-মিটিং, সমাবেশ কিংবা অর্থ জোগান দিয়েছেন—এমন ৬০ জন প্রভাবশালী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। তবে ওই দুই দিবসে ঝটিকা মিছিল হওয়ার শঙ্কা থাকলেও নগরীতে নাশকতার কোনো আশঙ্কা নেই। পুলিশের একাধিক সূত্র এসব কথা জানায়।
সূত্র জানায়, সদ্য তৈরি করা তালিকা মহানগরীর আট থানাসহ সব ফাঁড়ির কাছে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী তাঁদের গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কেএমপির একটি সূত্র জানায়, বিভাগীয় শহর চট্টগ্রাম ও খুলনা থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে নামে ও বেনামে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এতে পুলিশ আরও কঠোর অবস্থানে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। ফলে ওই দিন দলটি খুলনাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিতে পারে। এ ছাড়া ১৫ আগস্ট সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। দিবসটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ।
কেএমপির অপরাধ বিভাগের একটি সূত্র জানায়, জুলাই ও আগস্ট মাসজুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠন নগরীতে যেন কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে, সে জন্য কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। নামের তালিকা মহানগরীর আটটি থানা ও থানার অধীনে সব ফাঁড়িতে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কোথাও কোথাও ঝটিকা মিছিল বের করতে পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে।
সূত্রটি আরও জানায়, দেশের দুটি বিভাগীয় শহর থেকে ভুয়া আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন দলটির নেতারা। তাঁরা খুলনার প্রোগ্রামগুলো চট্টগ্রাম থেকে ও চট্টগ্রামের প্রোগ্রামগুলো খুলনা থেকে প্রচার করছেন। অতি দ্রুত তাঁদের গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেবে পুলিশ।
জানতে চাইলে কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আগস্টের দুটি দিবসে পুলিশ সতর্ক এবং ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ দিবসগুলোকে কেন্দ্র করে নগরীতে চেকপোস্টের সংখ্যা ও পুলিশের ডিউটি বাড়ানো হয়েছে। তিনি বলেন, মাঝেমধ্যে মিছিল হয়েছে। অন্তবর্তী সরকারের আমলেও মিছিল হয়েছে। কিন্তু দিবস দুটি নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই।
ভুয়া আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা, এ ব্যাপারে জানতে চাইলে কেএমপি পুলিশ কমিশনার বলেন, ‘কোথা থেকে পোস্ট করল, এটা আমাদের কাছে কোনো ইস্যু না। এলাকায় মিছিল হওয়াটা আমাদের দায়দায়িত্বের ওপর পড়ে। সেটাকে লক্ষ্য রেখে রাতের বেলায় যারা টহল ডিউটিতে থাকবে, তাদেরকে সজাগ থাকার কথা বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতারা এমন সময় মিছিল করেন, যখন আমাদের অফিসাররা বিশ্রামে থাকেন। ফলে ভোরের দিকে ডিউটি বাড়ানো হয়েছে।’

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
৩৩ মিনিট আগে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
১ ঘণ্টা আগে