
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে ৯ লাখ টাকার বিনিময়ে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন সদস্যকে বাংলাদেশের নাগরিকত্বের জন্য জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল ও ইউপি সচিব মো. নজরুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শফিউল আলম ৭ জুলাই রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনটি ২১ জুলাই প্রকাশ্যে আসে। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং কুমিল্লার জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল ও ইউপি সচিব মো. নজরুল ইসলাম যোগসাজশ করে সম্পূর্ণ অবৈধভাবে তিনজনকে জন্মনিবন্ধন সনদ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রতিটি নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা লেনদেন হয়েছে।
অভিযোগে উল্লেখ করা তিনজন হলেন সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছা।
অভিযোগকারী বলেছেন, সাইমুন ইসলাম সাজ্জাদ ও মুবিনা খাতুনের মায়ের নাম একই হলেও পিতার নাম ভিন্ন। একই দিনে তাদের জন্মনিবন্ধন রেজিস্ট্রেশন হওয়ায় তথ্যের এই অসঙ্গতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এই তিনজনের কেউই ফতেহাবাদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন এবং তাঁদের অবৈধভাবে বাংলাদেশি নাগরিক হিসেবে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে।

তিনটি জন্মনিবন্ধনের তথ্য সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাইকরণ ওয়েবসাইটে পরীক্ষা করে দেখা গেছে, মুবিনা খাতুন ও সাইমুন ইসলাম সাজ্জাদের জন্মস্থান কক্সবাজার। হাফিছার জন্মস্থান কুমিল্লা প্রদর্শিত হচ্ছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনের সরকারি সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড শুধু চেয়ারম্যান ও সচিবের নিয়ন্ত্রণে থাকে। অভিযোগকারীর দাবি, এই সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে এ ধরনের আরও বহু ভুয়া জন্মনিবন্ধনের তথ্য বেরিয়ে আসতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।
তবে ৬ নম্বর ফতেহাবাদ ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম নুরু মেম্বার বলেন, সাইমুন ইসলাম সাজ্জাদ ও মুবিনা খাতুন তার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তারা এখনো ওই এলাকাতেই অবস্থান করছেন।
অভিযুক্ত ইউপি সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, ঘটনার পর তাঁকে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে বদলি করা হয়েছে এবং সম্প্রতি মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে বদলির আদেশ করা হয়েছে।
অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল বলেন, তিনি ২০২৪ সালের আগস্টে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেও জন্মনিবন্ধনের ইউজার এক্সেস পান ১৬ জানুয়ারি ২০২৫। তাঁর দাবি, অভিযোগে উল্লেখিত জন্মসনদগুলো তাঁর সময়ে তৈরি হয়নি। অভিযোগ দায়েরের আগে তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। কারা, কীভাবে এই জন্মনিবন্ধন করেছে, তাও তিনি বলতে পারেন না।
তবে জন্মসনদ ইস্যুর তারিখ অনুযায়ী ঘটনাগুলো সালাহ উদ্দিন রুহুলের দায়িত্বকালেই হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী শফিউল আলম। তিনি এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সব অবৈধ জন্মনিবন্ধন বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
২৭ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৩০ মিনিট আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
৩৫ মিনিট আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
২ ঘণ্টা আগে