Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ, ক্যাম্পাসে উত্তেজনা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০: ৩১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ, ক্যাম্পাসে উত্তেজনা
উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ আন্দোলনকারীদের। ছবি: আজকের পত্রিকা

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান বেতনকাঠামোয় বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে দপ্তরে অবরুদ্ধ রাখা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন।

এদিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা করেন। প্রধান ফটক বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়। কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাঁদের দাবি, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে।

বক্তারা বলেন, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।

উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ আন্দোলনকারীদের। ছবি: আজকের পত্রিকা
উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ আন্দোলনকারীদের। ছবি: আজকের পত্রিকা

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।

মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।

বিকেলে উপাচার্যের দপ্তরে গিয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সাক্ষাৎ দেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত