
গণ-অভ্যুত্থানের পরও দেশে শেখ হাসিনার সংবিধান ও রাষ্ট্রকাঠামো বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, অভ্যুত্থানপরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার নয়, দেশে সেনাসমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী চত্বরে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভের’ পাদদেশে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ স্মরণসভার আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, ‘আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি নাই, আমরা করেছি সেনাসমর্থিত উপদেষ্টা সরকার। এবং আমরা যেটা প্রতিষ্ঠা করেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান এবং শেখ হাসিনার রাষ্ট্র।’
ফরহাদ মজহার বলেন, এখন যেটা হাজির রয়েছে বাংলাদেশে, এটা শেখ হাসিনার সংবিধান। এখন যে নির্বাচন হয়েছে, সেটা শেখ হাসিনার সংবিধানের অধীনে নির্বাচন। এখন যে পার্লামেন্ট, এটা কিন্তু শেখ হাসিনারই পার্লামেন্ট। তিনি নাই, কিন্তু সবই আছে।
গণ-অভ্যুত্থানের পর নতুন ধরনের রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায়নি উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘একটা রাষ্ট্র গঠন করা, যেটা ফ্যাসিস্ট রাষ্ট্র নয় এবং নতুন ধরনের আইনি প্রতিষ্ঠান, নতুন ধরনের প্রশাসন, নতুন ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা—যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে, জনগণ সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে—এই ধরনের রাষ্ট্র আমরা কিন্তু করতে পারি নাই।’
গণ-অভ্যুত্থানের অর্জনকে অর্থবহ করতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আবরার ফাহাদের শাহাদাতকে সম্মান জানাতে নিজেদের ভুল-ত্রুটি নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানান ফরহাদ মজহার।
ফরহাদ মজহার বলেন, ‘আজকে যদি আমরা সত্যিকার অর্থে আবরারকে সম্মান করতে চাই, তাঁর শাহাদাতকে সত্যিকার অর্থে সম্মান জানাতে চাই, আমাদের আত্মসমালোচনা করতে হবে—কোথায় আমরা ভুল করেছি।’
গণ-অভ্যুত্থানের পর ‘প্রোক্লেমেশন’ না দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন ফরহাদ মজহার। গণ-অভ্যুত্থানের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য একটি ঘোষণা প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।
এ প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘ড. ইউনূস কেন আমাদেরকে প্রোক্লেমেশন করতে দেন নাই, আমি তাঁকে আজকে প্রশ্ন করছি।’
শেখ হাসিনার রাষ্ট্রকাঠামো বহাল রেখে রাজনৈতিক পরিবর্তন কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ‘হাসিনাহীন হাসিনা ব্যবস্থা’ টিকিয়ে রেখে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি থেকে মুক্ত থাকা যাবে—এমন ধারণাকে সরলীকৃত বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।
তরুণদের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের বিষয়টি বুঝতে আরও পড়াশোনা ও রাজনৈতিক বিশ্লেষণ প্রয়োজন। তিনি বলেন, আপনাদের রাস্তার শক্তি, সাংগঠনিক শক্তি অসাধারণ, কিন্তু দয়া করে একটু পড়াশোনা করেন।
ফরহাদ মজহার বলেন, আবরার ফাহাদের ইস্যুটা আপনারা যেভাবেই আলোচনা করেছেন, এখানে কিছুটা ঘাটতি আছে বড় ধরনের। ঘাটতি হলো—আবরার ফাহাদের বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ। এটা সঠিক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপার তো শুধু মতপ্রকাশের ব্যাপার ছিল না।
আবরার হত্যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক নির্যাতন ও ‘টর্চার সেল’-এর বাস্তবতাও সামনে এসেছিল বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। তাঁর মতে, ফ্যাসিবাদকে বোঝার ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ।
স্মরণসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আবরার ফাহাদের বাবা মো. বরকতউল্লাহ, মানবাধিকারকর্মী ও আইনজীবী আদিলুর রহমান খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
২ ঘণ্টা আগে