
তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পাবনার স্টেডিয়াম ও সুইমিংপুল থেকে মুছে দেওয়া স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম পুনর্বহাল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় যুব ক্রীড়া পরিষদ।
গতকাল বুধবার (২৮ মে) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নাম নির্দেশক্রমে নিম্নরূপে নির্ধারণ করা হলো। এ বার্তার নিচে একটি ছকে দেখানো হয়েছে, পাবনার স্টেডিয়ামের নাম হবে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম। যেটি সম্প্রতি পরিবর্তন করে জেলা স্টেডিয়াম করা হয়েছিল। অর্থাৎ স্বাধীনতাযুদ্ধে শহীদের নামে থাকা পূর্বের নাম পুনর্বহাল করা হয়েছে।
একইভাবে সুইমিং পুলের নাম পুনর্বহাল করে পাবনায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের নাম নির্ধারণ করা হয়েছে। এটির নাম করা হয়েছিল পাবনা জেলা সুইমিংপুল। নাম পুনর্বহাল করায় শহীদ পরিবারসহ পাবনাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
শহীদ আমিন উদ্দিনের ছেলে সদরুল আমিন বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুতে পাবনাবাসী যেভাবে রুখে দাঁড়িয়েছিল। মুক্তিযোদ্ধাদের অপমানেও তারা সেভাবেই প্রতিবাদ জানিয়েছে। সরকারকে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পুনর্বহালে বাধ্য করেছে। এ জন্য পাবনাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে নুর ইসলাম বলেন, ‘নাম পরিবর্তনের ঘটনায় অত্যন্ত আহত হয়েছিলাম। কর্তৃপক্ষের শুভ বুদ্ধির উদয় হওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।’
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের আবেগের জায়গা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অপমান কখনোই মেনে নেওয়ার মতো নয়। পাবনাবাসীও মেনে নিতে পারিনি। এ ধরনের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে সরকারের সচেতন হওয়া উচিত।’
এ বিষয়ে জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয়ের অফিশিয়াল আদেশের চিঠি এখনো আমরা হাতে পাইনি। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জেনেছি এবং চিঠিটি আমারও নজরে এসেছে। নির্দেশনা হাতে পেলেই নাম পরিবর্তন করে দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৩ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ নির্মিত দেশের বিভিন্ন জেলার স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম একযোগে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের নির্দেশনাও দেয়া হয়। এতে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জেলা স্টেডিয়াম, পাবনা ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা সুইমিংপুল করা হয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করে স্টেডিয়াম ও সুইমিংপুলে নতুন নাম লেখা হলে পাবনাবাসী ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনের হুঁশিয়ারিও দেন। এর মাঝেই নাম পুনর্বহালের খবরে স্বস্তি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তনের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সচেতন নাগরিক সমাজের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অবশ্য নাম পুনঃস্থাপনের বিষয়টি জানার পর স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।

এবারের ঈদে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। আর ঈদের ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে পর্যটননগরী কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজানে হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি।
৩৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে আবিষ্কৃত সম্ভাবনাময় কয়লাখনির কার্যক্রম প্রায় দুই দশক ধরে সিদ্ধান্তহীনতায় থমকে আছে। ফলে দেশের অন্যতম বৃহৎ জ্বালানির উৎস হিসেবে বিবেচিত হলেও এখনো শুরু হয়নি কয়লা উত্তোলনের কার্যক্রম।
৪১ মিনিট আগে
কড়া নাড়ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ ২৮ রমজান। ঈদের নতুন জামা-জুতার কেনাকাটা তাই উঠেছে তুঙ্গে। অনেকের কেনাকাটা ইতিমধ্যে শেষ। যাঁদের নানা কারণে সম্ভব হয়নি, বাজারে এখন মূলত তাঁদেরই ভিড়; বিশেষ করে পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতা বেশি।
১ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দল থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে