Ajker Patrika

শরীয়তপুরে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষকান্দি এলাকায় অবস্থিত কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে এম রাফসান রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহিষকান্দি এলাকার সুমন দালাল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরানো ব্যাটারি থেকে সিসা উৎপাদন করে আসছিলেন। তিনি বিভিন্ন জেলা থেকে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে তা পুড়িয়ে সিসা বের করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন। কারখানাটির কারণে এলাকায় মারাত্মক পরিবেশদূষণ ছড়িয়ে পড়ে এবং বিষক্রিয়ায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এর আগেও অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে পুনরায় কার্যক্রম চালু রাখে কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে আজ দুপুরে সেখানে পুনরায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সকাভেটরের মাধ্যমে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সিসা দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এটি কৃষি ও প্রাণিসম্পদের ওপরও বিরূপ প্রভাব ফেলে। আগে ব্যবস্থা নেওয়ার পরও কারখানাটি গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে এম রাফসান রাব্বি বলেন, কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কোনো ধরনের লাইসেন্স ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এর আগেও অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং জরিমানা করা হয়। এরপরও গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় আজ অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে—টাইমসের প্রতিবেদন

ঈশ্বর সংঘাত পছন্দ না করলেও ইরান যুদ্ধে আমাদের সঙ্গে আছেন: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত