Ajker Patrika

ঈদে বাড়ি গেলে গয়না আত্মীয়দের কাছে অথবা থানায় রাখার পরামর্শ পুলিশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৫: ৩১
ঈদে বাড়ি গেলে গয়না আত্মীয়দের কাছে অথবা থানায় রাখার পরামর্শ পুলিশের
রোববার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল ফিতরে ঢাকা ত্যাগ করার আগে নগদ অর্থ, সোনার গয়না বা গুরুত্বপূর্ণ দলিলাদি অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে ঢাকায় কারও স্বজন না থাকলে মূল্যবান সম্পদ থানায় রেখে যাওয়ার পরামর্শও দেন তিনি।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ঘরমুখী মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা পরিকল্পনা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদ্‌যাপন করতে পারেন, সেই লক্ষ্যে ডিএমপি পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা হাতে নিয়েছে।

এ সময় নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নগদ অর্থ, সোনার গয়না বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলো আপনার আত্মীয়স্বজনের বাসায় রেখে যাবেন।

ঢাকায় যাঁদের স্বজন নেই, তাঁরা কী করবেন—সাংবাদিকদের এ প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নেবেন, অসুবিধা কী? এ ক্ষেত্রে থানায় রাখতে পারেন।’

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তার বিষয়ে কমিশনার বলেন, ‘এ সময় অপরাধীরা যেন কোনো সুযোগ-সুবিধা না নিতে পারে, সে জন্য টহল কার্যক্রম জোরদারসহ চেকপোস্টের কার্যক্রম বাড়ানো হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। ডিএমপি সীমিত সম্পদ বা জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নগরবাসীর সেবা দিতে বদ্ধপরিকর।’

এ সময় অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নগরবাসীকে পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুনভাবে স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলা পুরাতন আছে, সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে।’ বাসা বা ফ্ল্যাটবাড়ি ছাড়ার আগে দরজা-জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কি না এবং ঠিকমতো লক করা হয়েছে কি না দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

একই সঙ্গে বাসাবাড়ির আশপাশে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথাও বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

তিনি বলেন, বাসা ছাড়ার আগে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ চেক করে যেতে হবে। ছুটির সময়ে পাড়া-মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

এ সময় রমজান মাসে বইমেলা, জাতীয় সংসদের প্রথম অধিবেশন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকা এবং বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচের নিরাপত্তায় বাড়তি তৎপরতার কথা তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এর বাইরে রাতে ছিনতাইকারী, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকায় নির্মিত ব্লক রেইড পরিচালনার মতো বিশেষ অভিযানগুলো চলমান বলেও জানান তিনি।

ঢাকার বহির্গমন সড়কগুলোর মধ্যে ঢাকা আবদুল্লাহপুর, গুলিস্থান থেকে সাইনবোর্ড, আমিনবাজার, মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে তাঁতীবাজার হয়ে বাবুবাজার ব্রিজ বা গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মোহাম্মদপুর বছিলা ব্রিজ সড়ক এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল এলাকাগুলো প্রয়োজন না থাকলে এড়িয়ে চলার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকার বড় বিপণিবিতানগুলোতে অতিরিক্ত প্রায় ১ হাজার পুলিশ সদস্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমারদের তৎপরতা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ ছাড়াও থানা-পুলিশ এবং ফাঁড়ির পুলিশ মোতায়েন আছে। ফাঁকা ঢাকায় রেসিং বা ওভারস্পিডিং রোধ করতে ঈদের দিন থেকে পরবর্তী কয়েক দিন পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আবদুল্লাহপুর এবং গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অপরাধপ্রবণ এলাকায় নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করছি। ঢাকা মহানগরে প্রতিদিন তিন শ’র ওপরে মোটরসাইকেল এবং গাড়িযোগে মোবাইল পেট্রল করছে। রাতের বেলা সত্তরের ওপরে চেকপোস্ট আছে। আমাদের ফুট পেট্রল অজস্র আছে। অফিসার ও ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

নেতানিয়াহু কোথায়, ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে ঘনীভূত হচ্ছে রহস্য

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

মাথাবিহীন লাশটি বরিশালের গোপালের, মাথার খোঁজে নদীতে তল্লাশি

সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত