Ajker Patrika

মেঘনায় মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১২

ভোলা প্রতিনিধি
মেঘনায় মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১২
সিমেন্টসহ আটক ১২ জন। ছবি: সংগৃহীত

মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।

চোরাচালান রোধে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভোলা ও নোয়াখালীর সীমান্তবর্তী মেঘনা নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ভোলা ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে ১২ জনকে আটক করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত