Ajker Patrika

প্রশাসনের আশ্বাসে ২০ ঘণ্টা পর ভোলায় অনশন ভাঙলেন নয়নসহ যুবকেরা

ভোলা প্রতিনিধি
প্রশাসনের আশ্বাসে ২০ ঘণ্টা পর ভোলায় অনশন ভাঙলেন নয়নসহ যুবকেরা
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে অনশন ভাঙেন যুবকেরা। ছবি: সংগৃহীত

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসা নয়ন খানসহ কয়েকজন যুবক অবশেষে অনশন প্রত্যাহার করেছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ২০ ঘণ্টা পর তাঁরা অনশন ভাঙেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন তাঁরা।

আজ সন্ধ্যায় ভোলার স্থানীয় সরকারের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও পৌরসভার প্রশাসক মো. বেলাল হোসেন, সিভিল সার্জন মু. মনিরুল ইসলাম এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আরাফাতুর রহমান অনশনস্থলে যান। পরে তাঁরা অনশনকারীদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। সেখানে জেলা প্রশাসক শামীম রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যুবকেরা। এ সময় তাঁদের দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা অনশন প্রত্যাহার করেন।

নয়ন খান বলেন, ‘আমাদের চার দফা দাবির বিষয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। তাই বুধবার সন্ধ্যা ৬টার দিকে আমরা অনশন ভেঙেছি।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আরাফাতুর রহমান বলেন, জেলা হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ চালুর জন্য সরকার প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকল্প তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আজ বরিশালে একটি কর্মশালাও হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও নার্স-সংকট নিরসনের দাবিগুলোও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

ভোলার স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. বেলাল হোসেন বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো সরকারকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অনশন প্রত্যাহার করেছেন।

সিভিল সার্জন মু. মনিরুল ইসলাম বলেন, সরকার দেশের জেলা হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রয়োজনীয় বাজেট প্রণয়ন করতে হবে। এ বিষয়ে বরিশাল বিভাগের জেলা হাসপাতালগুলোর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। সরকারের পরিকল্পনার বিষয়টি অনশনকারীদের জানিয়ে অনশন ভাঙার অনুরোধ করা হলে তাঁরা সাড়া দেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে অনশন ভাঙেন যুবকেরা। ছবি: সংগৃহীত
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে অনশন ভাঙেন যুবকেরা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের আন্দোলন, বাবাকে হারিয়ে অনশনে নয়ন

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নয়ন খান। গত ২৬ অক্টোবর অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। তবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।

এরপর গত ২৮ অক্টোবর থেকে হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি শুরু করেন নয়ন। একই দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন। তবে কার্যকর উদ্যোগ না পাওয়ার অভিযোগ তুলে গতকাল থেকে আমরণ অনশনে বসেন তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন যুবক।

নয়নের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব, নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী মো. তানজিল শরীফ, রাকিব ও ইয়ামিন।

তাঁদের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে হাসপাতালের জন্য ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। তবে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন ছয় শয্যার আইসিইউ ইউনিটটি এখনো চালু করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত