Ajker Patrika

বরগুনার আমতলী: জ্বালানিসংকট দেখিয়ে বন্ধ কৃষি রেডিও

  • ১ এপ্রিল জনপ্রিয় এই কৃষি রেডিও বন্ধ হয়ে যায়।
  • আবহাওয়ার পূর্বাভাস জেনে সাগর ও নদীতে মাছ ধরতে যেতাম: কৃষক
  • কৃষি রেডিও পুনরায় চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে: ইউএনও
আমতলী (বরগুনা) প্রতিনিধি 
বরগুনার আমতলী: জ্বালানিসংকট দেখিয়ে বন্ধ কৃষি রেডিও
ছবি: সংগৃহীত

জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।

১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ির পরিচালক মশীহুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি রেডিও ৯৮.৮ এফএম শুরু হয়। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কৃষি রেডিও শুরু হলেও অল্প দিনের মধ্যে কৃষক, জেলে ও উপকূলের সাধারণ মানুষের প্রাণের প্রতিষ্ঠান হয়ে ওঠে। বরগুনা, পটুয়াখালীর অধিকাংশ এলাকার মানুষ কৃষি রেডিও সুফল ভোগ করে আসছে। জেলে ও কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাস, সচেতন হওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতেন। কৃষি রেডিওর দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে কৃষকেরা কৃষিজমি চাষাবাদ এবং জেলেরা নদী ও সাগরে মাছ শিকারে যেতেন। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে হঠাৎ কর্তৃপক্ষের অবহেলা এবং বরাদ্দ জটিলতার কারণে কার্যক্রমে ভাটা পড়ে। এরপর আবহাওয়ার পূর্বাভাস এবং সাধারণ মানুষকে সচেতনতামূলক অনুষ্ঠান চালিয়ে আসছিল কর্তৃপক্ষ। ১ এপ্রিল জনপ্রিয় এই কৃষি রেডিও বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন কৃষক, জেলেসহ পাঁচ লক্ষাধিক মানুষ।

নাচনাপাড়া গ্রামের কৃষক কামাল মোল্লা বলেন, কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের প্রাণ। পূর্বাভাস জানতে প্রান্তিক মানুষের কৃষি রেডিওর বিকল্প ছিল না। সেই রেডিও বন্ধ হয়ে যাওয়ায় উপকূলের মানুষ বেশ ভোগান্তিতে পড়েছে।

শ্রোতা ময়না রানী বলেন, বিনোদনসহ কৃষি রেডিওর বিভিন্ন অনুষ্ঠান শুনতাম, খুব ভালো লাগত। কিন্তু ১০-১২ দিন ধরে কোনো অনুষ্ঠান শুনতে পারছি না। দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানান তিনি।

কৃষক কামাল সিকদার বলেন, কৃষি রেডিওর তথ্য শুনে অনেক ফসল চাষাবাদ করেছি। এখন কয়েক দিন ধরে বন্ধ পাচ্ছি।

জেলে সাইদুল বয়াতি বলেন, কৃষি রেডিওর আবহাওয়ার পূর্বাভাস জেনে সাগর ও নদীতে মাছ ধরতে যেতাম।

আমতলী কৃষি রেডিও স্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান বলেন, বৈশ্বিক কারণে কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ কৃষি রেডিও সাময়িকভাবে বন্ধ করেছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘কৃষি রেডিও পুনরায় চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে।’

খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মশীহুর রহমান বলেন, ‘জ্বালানি ও আর্থিক সংকটের কারণে কৃষি রেডিও বন্ধ ঘোষণা করা হয়েছে। অল্প দিনের মধ্যে পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট, ইসরায়েলের সঙ্গে বিবাদ তুঙ্গে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত