Ajker Patrika

খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও বহিষ্কারসংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে শিক্ষার্থীরা আটকে রাখলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে অভিযুক্ত যুবকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও তাঁদের বহিষ্কারের বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের খাজা হলসংলগ্ন এলাকার সজল নামে এক যুবক। ওই পোস্টে লেখা ছিল—‘তোদের যা বলতে মন চায়, তা বলতে পারি না’ এবং ‘তোদের যারা শিক্ষিত করছে, তারা বড় গণ্ডমূর্খ’।

ফেসবুকের এমন মন্তব্য দেখে ক্ষুব্ধ হন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। রাতে সজলকে খাজা হল এলাকায় দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে ধরে ভেতরে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বিষয়টি জানতে পেরে ওই যুবকের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা হলে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে এ নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় এবং তা শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সংবাদটি লেখা পর্যন্ত এলাকা থমথমে ছিল এবং পরিস্থিতি শান্ত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাহ উদ্দিন বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত