Ajker Patrika

বিরোধ মীমাংসার জন্য ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি 
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৮: ৫০
বিরোধ মীমাংসার জন্য ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী।

অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

অভিযোগে জানা গেছে, পৈতৃক জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ চলছে ওই নারীর; যা নিয়ে থানায় অভিযোগ করেন তাঁর ভাই। বিষয়টি মীমাংসা করে দিতে গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে খামারে নারীকে ডেকে নেন হোসেন আলী। খামারে অবস্থান করা ইউপি সদস্য তাঁর সহযোগী দুলু মিয়ার সহায়তায় ওই নারীকে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় বাধা দিলে ইউপি সদস্য ওই নারীকে মারধর করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা নারীকে ধানখেত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইউপি সদস্য হোসেন আলীকে প্রধান করে দুজনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নারী বলেন, ‘ভাই-বোনের বিবাদ মীমাংসা করতে হোসেন আলী ডেকে নেন। সেখানে গেলে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে আমাকে ধানখেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাজি না হলে ইউপি সদস্য ও তার সহযোগী আমার বুকে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হোসেন আলী মোবাইল ফোনে বলেন, ‘আমাকে হেয় করতে মিথ্যা অভিযোগ করেছে। আমি আমার খামারে মুরগি বিক্রি করা নিয়ে ব্যস্ত ছিলাম।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত