
দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঢাকার বাইরে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, সাতক্ষীরা, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
চট্টগ্রামে শিক্ষা বোর্ডের সামনে সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে ষোলশহর, মুরাদপুর ও দুই নম্বর গেট এলাকায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা গিয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের মুরাদপুরে অবস্থিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ শুরু হয়। এর আগে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল নগরের ষোলশহর দুই নম্বর গেট হয়ে মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়। এ সময় তারা সড়কের একপাশ দখল করে সেখানে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষা বোর্ড কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে রাখতে দেখা গেছে।
ঘটনাস্থলে মোতায়েন করা অতিরিক্ত পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা কাউকে শিক্ষা বোর্ডের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। বিক্ষোভের কারণে দুই নম্বর গেট থেকে মুরাদপুর সড়কের একপাশের যানচলাচল বন্ধ রয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলে, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানি ও দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছে।
আজ সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার সময় পথে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রধান ফটকে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী বলে পরিচয় দেয়।
খবর পেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
আলোচনায় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, `পরীক্ষার্থীদের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনেছি। যেসব বিষয় শিক্ষা বোর্ডের এখতিয়ারের মধ্যে রয়েছে, সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আর যেসব দাবি আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে।'

তিন দফা দাবি আদায়ে আজ দুপুরে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলে, গতকালের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানায় তারা।
দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ‘১,২, ৩,৪ মিলন তুই গদি ছাড়', `আমার ভাই কবরে মিলন কেন এসিতে', `একদফা, এক দাবি, মিলন তুই কবে যাবি' ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
দুপুর পৌনে ২টার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা। এর প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে করে ভোগান্তিতে পড়ে রোগীসহ অসংখ্য সাধারণ মানুষ।
প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ৩টা) শিক্ষার্থীদের কর্মসূচি এবং পরিবহন শ্রমিকদের অবস্থান অব্যাহত ছিল।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ফিরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার সড়ক অবরোধ করেছে। আজ বেলা ৩টার দিকে তারা শিক্ষা বোর্ড চত্বর থেকে বের হয়ে যায়। এরপর মিছিল নিয়ে তারা শহরের প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্ট যায়।
জিরোপয়েন্টে গিয়ে শিক্ষার্থীরা সড়কের দুই পাশই অবরোধ করে। ফলে সাহেববাজার-কুমারপাড়া সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয়।
এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড চত্বরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অবস্থান করে।
দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেয়। পরে বেলা ৩টার দিকে তারা বোর্ড থেকে বেরিয়ে জিরোপয়েন্টে যায়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিতে পড়া সাতক্ষীরা সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলটি শহরের রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়। তারা বলে, অতিবর্ষণে পুরো দেশ ডুবে গেছে। এ অবস্থায় দেশের সব অঞ্চলে পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী তা না করে চট্টগ্রামসহ ৫টি জেলা বাদে ৫৯টি জেলায় পরীক্ষা নিচ্ছেন। এতে দেখা গেছে, পরীক্ষা দিতে গিয়ে ভিজে গিয়ে জ্বর আসা, ড্রেনে পড়ে যাওয়াসহ পরীক্ষার্থীদের বিভিন্ন অঘটন ঘটেছে। সমাবেশে শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চেয়ে বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

আজ দুপুরের দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। অবরোধের ফলে সড়কের দুই ধারে অসংখ্য যানবাহন আটকে চরম যাত্রী দুর্ভোগ হয়। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অবরোধ চলে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলে, বৈরী পরিবেশের মধ্যেও সোমবার পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে কঠিন প্রশ্ন করা হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার পরও এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু সব বোর্ডে তা করা হয়নি।
শিক্ষার্থীরা বলে, সমস্যাগুলো সমাধান না করেই শিক্ষামন্ত্রী উল্টো শিক্ষার্থীদের `ফার্মের মুরগি' বলে কটূক্তি করেছেন, তাই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে।
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ দুপুর ১২টার দিকে নগরের টাউন হল এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে নগরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা দুপুর ১২টার দিকে নগরের টাউন হল এলাকায় জড়ো হয় ৷ তারা টাউন হল মোড় এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে সড়কে যানচলাচল বন্ধ করে দেয় ৷ পরে দুপুর ২টার দিকে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আড়াইটা পর্যন্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। বিকেল ৪টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে সমাবেশ শেষ করা হয়।
শিক্ষার্থীদের কর্মসূচির ব্যানারে লেখা ছিল, বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে `এইচএসসি ২০২৬ ব্যাচ' এর শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেয় অন্য ক্লাসের শিক্ষার্থীরাও।
এ সময় দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষাগ্রহনের সুযোগ নিশ্চিতসহ সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, সাতক্ষীরা, নওগাঁ প্রতিনিধি)

পাবনার সুজানগর উপজেলার সেই যুবদল নেতা শফিউল আলম বাবুকে (৪২) ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১০ মিনিট আগে
চলতি বছরের মার্চ মাস থেকে আমেনার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। মে মাসের শেষের দিকে নুরজাহান আমেনার বাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, তারা অন্যত্র বাসা নিয়েছে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর নুরজাহান আমেনার নতুন বাসার ঠিকানা খুঁজে পান। সেখানে গিয়ে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারেন, ২৬ মার্চ সন্ধ্যা সা
১৪ মিনিট আগে
মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি জানিয়েছে, সড়ক, সেতু ও কালভার্ট মেরামত এবং পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন।
২৪ মিনিট আগে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৮ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
৪১ মিনিট আগে