বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি বরাদ্দের ৬৭০ বস্তা সার নিয়ে যাওয়ার পথে মেঘনা নদীতে একটি সারবাহী ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা টিএসপি, ডিএপি ও এমওপি সারসহ ডিলার ও নৌকার মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার অওরাইল ইউনিয়নের রাজাপুর গ্রাম সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পায়। অন্যান্য সময়ের মতো নৌপথে এসব সার মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নে নেওয়ার জন্য গতকাল রোববার বিকেলে ভৈরব নদীবন্দরে বিল্লাল মাঝির ট্রলারে ৬৭০ বস্তা সার বোঝাই করা হয়। এর মধ্যে টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা এবং এমওপি ২৫০ বস্তা।
ট্রলারে এর বেশি সার ধারণের সুযোগ না থাকায় সোমবার ভোরে মিঠামইনের উদ্দেশে রওনা হন মাঝি বিল্লাল। সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বলগেটের সঙ্গে সারবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি সারসহ নদীতে ডুবে যায়।
আগামীকাল মঙ্গলবার স্থানীয় ডুবরিসহ ট্রলারটি উদ্ধারে কাজ করবে ডিলার ও নৌকা মালিক পক্ষ।
এদিকে সারসহ ট্রলারডুবির ঘটনায় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
ক্ষতিগ্রস্ত ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূইয়া বলেন, আমি প্রথমে চাঁন মিয়া মাঝিকে সার আনতে বলেছিলাম। পরে বিল্লাল মাঝির ট্রলারে ৯৫০ বস্তার মধ্যে ৬৭০ বস্তা সার ভৈরব থেকে মিঠামইনের উদ্দেশে পাঠানো হয়। পথে বলগেটের সঙ্গে সংঘর্ষে সারসহ ট্রলারটি ডুবে যায়। এতে আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি।
এই বিষয়ে মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, সারসহ ট্রলার ডুবির ঘটনাটি উর্ধ্বতনদের অবহিত করেছি। উপজেলা প্রশাসন তিন সদস্যে তদন্ত কমিটি করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









