রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে রোববার রাতে উত্তরখানের হেলাল মার্কেট দোবাদিয়া রোডের ১০ তলা ভবনের ৯/এফ ফ্ল্যাটের একটি রুম থেকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় ইমার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।
নিহত ইমার চাচা মো. সাইফুল ইসলাম জানান, তাঁদের গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তাঁর বাবার নাম এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ছোট ইমা এবং স্বামী আমিনুল ইসলাম একসঙ্গে পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরিবারের অমতে ৭-৮ মাস আগে তাঁরা প্রেম করে বিয়ে করেন এবং এরপর থেকে উত্তরখানের ওই বাসায় ভাড়া থাকতেন। বিদেশে যাওয়ারও কথা ছিল তাঁদের। রোববার রাতে পুলিশের মাধ্যমে তাঁরা ইমার মৃত্যুর খবর পান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ আরও নিশ্চিত হওয়া যাবে।









