
কুমিল্লার মুরাদনগরে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে একটি বাড়ি ঘেরাও করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁদের ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, হতাহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, ডাকাতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা জানান, রুবি আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তাঁদের কারণে এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল।
বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষ একত্র হয়ে তাঁদের বাড়ি ঘেরাও করে। পরে সংঘবদ্ধভাবে তাঁদের ওপর হামলা চালায় এবং লাঠিসোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ওসি মাহফুজুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে কড়ইবাড়ি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে টহল জোরদার করেছে এবং এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
আরও খবর পড়ুন:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক থাকা ইমরান খান নামের এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে। এ উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা উচ্ছ্বসিত। শনিবার (৬) জুন বিকেলে রাজনগর উপজেলায় ঘটনাটি ঘটে।
২৪ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
২৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে