Ajker Patrika

বারণই নদে হঠাৎ ভেসে উঠছে মরা মাছ, তদন্তে ৩ সদস্যের কমিটি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
বারণই নদে হঠাৎ ভেসে উঠছে মরা মাছ, তদন্তে ৩ সদস্যের কমিটি
শুক্রবার ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারণই নদে হঠাৎ বিপুলসংখ্যক মাছ ভেসে উঠেছে। শুক্রবার ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। এ ঘটনায় শনিবার তদন্তে উপজেলা মৎস্য কর্মকর্তাদের নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করেছে নাটোর জেলা মৎস্য অধিদপ্তর।

শনিবার বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি বারণই নদের ৪টি স্থান থেকে মরা মাছের ও পানির নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষা করে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের অভয়াশ্রম আছে। সেখানে মা মাছের কোনো ক্ষতি হয়েছে কি না, এখনো জানা যায়নি। তবে বারণই নদে বিভিন্ন বর্জ্য ফেলার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। পানির নমুনা পরীক্ষার প্রতিবেদন আসলে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকেই নদের পানিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কোথাও কোথাও পানির মধ্যে গ্যাসের মতো বুদ্‌বুদ দেখা গেছে। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। শুক্রবার সকালে বিষয়টি ছড়িয়ে পড়লে নদীর দুই পাড়ে মানুষের ভিড় জমে যায়। অনেকেই জাল ও অন্যান্য উপায়ে ভেসে ওঠা মাছ ধরে নিয়ে যান।

এ ছাড়া ২০২২ সালেও বারণই নদীতে মাছের মড়কের ঘটনা ঘটেছিল। সে সময় জেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, নদীতে পাট জাগ দেওয়ার ফলে পানি দূষিত হয়ে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মাছ মারা যাচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত