
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা স্ট্যান্ড পর্যন্ত ১৯ কিলোমিটার অংশ সংস্কারের ১৫ দিনের মাথায় শত শত খানাখন্দ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চালক ও স্থানীয়দের দাবি, দায়সারা কাজের কারণে এ অবস্থা হয়েছে। তারা দ্রুত তদন্ত করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়কটি আবার সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ২০০০ সালে সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়ক নির্মাণ করে। অভিযোগ রয়েছে, নির্মাণকালেই অনিয়মের কারণে কয়েক বছরের মধ্যেই সড়কটি খানাখন্দে ভরে যায়। ২০১৮ সালে সড়ক ও জনপথ বিভাগ এ সড়কের কিছু স্থানে সংস্কার করে।
পটুয়াখালী সেতুর টোল আদায় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সড়ক দিয়ে প্রতিদিন ৯’শ ১২টি যানবাহন চলাচল করে। এর মধ্যে পণ্য পরিবহন বাস, লোকাল বাস, ডিস্ট্রিক্ট ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার রয়েছে। এ ছাড়া সহস্রাধিক অবৈধ মাহেন্দ্র, ট্রলি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোগাড়িও চলাচল করে। গত ৮ বছরে সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়।
চলতি বছরের জুন মাসের শুরুর দিকে পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা স্ট্যান্ড পর্যন্ত সড়ক মেরামত করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ। ৩০ জুন কাজ শেষ হয়। অভিযোগ উঠেছে, কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই মহাসড়কে শত শত খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চালকেরা।
গাড়িচালক মোঃ নিজাম উদ্দিন, সালাম এবং স্থানীয় ইমরান, রাসেল ও শাহ আলম দ্রুত সড়ক সংস্কারকাজে অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা স্ট্যান্ড অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এর মধ্যে শাখারিয়া থেকে মহিষকাটা পর্যন্ত ৫ কিলোমিটার অংশে খানাখন্দ সবচেয়ে বেশি।
যাত্রী তানজিলা, জিয়া উদ্দিন জুয়েল ও নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগে মহাসড়কে কাজ করতে দেখলাম, কাজ শেষ হতে না হতেই এখন সেই মহাসড়ক খানাখন্দে ভরা।
তুহিন পরিবহনের চালক সাদ্দাম মিয়া বলেন, `সড়কে খানাখন্দের কারণে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। এতো অল্প সময়ে কিভাবে এতো খানাখন্দ হয় বুঝে আসে না।'
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, `প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কে খানাখন্দ হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ওই সড়কের খানাখন্দ সংস্কার করা হবে।'

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৬ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৭ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৭ ঘণ্টা আগে