Ajker Patrika

পল্লবীতে বিদেশি অস্ত্রসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮: ০১
পল্লবীতে বিদেশি অস্ত্রসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্য। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গত মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিশ্চিত করেছে এসআরবি-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জুয়েল রানা (২৬), মো. সায়মন (২০), মো. রমজান (২২), মো. বিজয় (২৩), মো. ফজলে রাব্বি চিকু (২৩), মো. আফসার হোসেন জিম, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।

এসআরবি-৪ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মশিউর ও মামুন এবং মোক্তার গ্রুপের সদস্য। তাঁদের মধ্যে আফসার হোসেন জিম ও সায়মনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২৫টি ইয়াবা ও ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৪ জানায়, আফসার হোসেন জিম ‘ফোর স্টার’ গ্রুপের উদীয়মান শুটার হিসেবে পরিচিত। তিনি মশিউর ও মামুনের পক্ষে বিভিন্ন জায়গা দখল, হোটেলকক্ষে আটকে ব্ল্যাকমেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাঁর সহযোগী সায়মন গ্রুপের হয়ে বিভিন্ন স্থানে অস্ত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি গুলিবর্ষণের ঘটনায় সরাসরি অংশ নিতেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, জাহাঙ্গীর হোসেন ওরফে দাদা জাহাঙ্গীর ওই এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছে ব্যাটালিয়নটি। তাঁর বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

এসআরবি-৪ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবী, মিরপুর ও রূপনগর এলাকায় আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সশস্ত্র শোডাউনের মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ে সংবাদ প্রচারের জেরে এক সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংস্থাটির দাবি, গ্রেপ্তার বিজয়ের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি মামলা রয়েছে। রমজানের বিরুদ্ধে দুটি মামলা এবং ফজলে রাব্বি চিকুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মিশন ওরফে চোর মিশনের বিরুদ্ধে দুটি দস্যুতার মামলা রয়েছে বলেও জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত