হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

রাজধানীর হাতিরঝিলে কয়েক দিনের ব্যবধানে ফের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
মো. ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে, ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।










