
ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টা ৫ মিনিটে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ।
চুরি হওয়া নবজাতকের মা মরিয়মের (১৯) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর এলাকায়। তাঁর স্বামী শামীম বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এটি তাঁদের প্রথম সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে মরিয়মকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন ৬ অক্টোবর চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অ্যানেসথেসিয়া দেন চিকিৎসক তৌহিদ। মরিয়মের মা মমতাজ বেগম তাঁকে হাসপাতালে ভর্তি করান।
প্রায় চার বছর আগে মরিয়মের বিয়ে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন তিনি। তবে সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার আগেই নবজাতক চুরির ঘটনায় ভেঙে পড়েছে পরিবারটি।
কান্নাজড়িত কণ্ঠে মরিয়মের মা মমতাজ বেগম বলেন, ‘মরিয়মকে ভুলভাল বুঝিয়ে আমার নাতিকে চুরি করে নিয়ে গেছে। বিয়ের চার বছর পর নাতির মুখ দেখেছি, কিন্তু নাতিকে ধরে রাখার ভাগ্য হলো না। আমার কী হবে, আমি বুঝতে পারছি না।’
হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, ঘটনার সময় মিডওয়াইফ নার্স নুসরাত জাহান এ্যানি, নার্স ফাতেমা আক্তার ও সাদিয়া খানম দায়িত্বে ছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। তিনি বলেন, ‘রোগীর সংখ্যা অনেক থাকায় কে কার বাচ্চা কোলে নিয়েছে, সেগুলো খেয়াল রাখা সম্ভব হয় না। তবে রোগীদের একাধিকবার সাবধানে বাচ্চা রাখার জন্য বলা হয়, কিন্তু তাঁরা তা শোনেন না। যে কারণে এ ঘটনা ঘটে।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শাহিন ভূইয়া বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
ঘটনার পরপরই হাসপাতালে ছুটে আসেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। তিনি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে আসি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পুলিশের একাধিক টিম নবজাতককে উদ্ধারে কাজ করছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, ‘ঘটনার পরপরই হাসপাতালে এসেছি। সদর থানা-পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ও পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধারে কাজ করছে।’
এদিকে সিসিটিভি ফুটেজে নবজাতক নিয়ে এক নারীকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যাওয়ায় তাঁকে শনাক্ত ও নবজাতক উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এ ছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত....
২২ মিনিট আগে
বান্দরবান জেলা সদর থেকে পর্যটননগরী থানচি উপজেলা সদরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম থানচি উপজেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী, রোগী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সীমিত পরিসরে বাস চলাচল করলেও শুক্রবার (৯ অক্টোবর) বান্দরবান ও থানচি—উভয় দিক থেকেই...
২৬ মিনিট আগে
জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নীরব ছিলেন কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এনসিপির সমালোচনা করে তিনি বলেন....
২৯ মিনিট আগে