Ajker Patrika

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট উদ্ধার: ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২১: ৫০
কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট উদ্ধার: ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নেত্রকোনার কলমাকান্দায় একটি বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখল করে গড়ে তোলা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় একটি বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখল করে গড়ে তোলা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলমাকান্দা শহরের কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এ সময় সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন প্রভাবশালী। জমি দখলমুক্ত করার দাবিতে সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুই দফায় মানববন্ধন করেন। পরবর্তীতে জমি উদ্ধার, খেলার মাঠ, বহুতল ভবন নির্মাণ ও বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।

কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম জানান, কলমাকান্দা মৌজার এসএ ১০ নম্বর দাগের সরকারি হালট এবং এসএ ৭৬ নম্বর দাগে অবস্থিত বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে গত এক সপ্তাহ ধরে ব্যবসায়ীদের একাধিকবার মৌখিকভাবে তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা জায়গা ছেড়ে না দেওয়ায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযানের মাধ্যমে দাবি পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্রনবীশ ও ইনতিশার অরোরা ফারহা জানায়, জমি ও হালট উদ্ধারের দাবিতে তারা দুইবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অবশেষে দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, ‘বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এখন বিদ্যালয়ের নতুন ভবন, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠ নির্মাণ জরুরি।’

তবে উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী লিখিত নোটিশ না পাওয়ার অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘আমাদের লিখিত কোনো নোটিশ না দিয়ে মৌখিকভাবে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে এখানে দোকান তুলে ব্যবসা করে আসছিলাম, হঠাৎ উচ্ছেদে এখন কোথায় গিয়ে দাঁড়াব বুঝতে পারছি না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত