
রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে পূর্বপরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী ভক্তদের শ্লীলতাহানির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির অঙ্গসংগঠনের সদস্যদের দায়ী করে মামলা করেছেন একজন ভুক্তভোগী নারী। এরপরই এজাহারভুক্ত একজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮) ও মো. আরমান দেওয়ান (২৯)। এর মধ্যে রাসেল এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, হামলার ঘটনায় মাজারের এক ভক্ত শাহ আলী থানায় মামলা করেছেন। সেই মামলার ৬ নম্বর আসামিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সংঘটিত হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার মামলা দায়ের করেন হামলার ভুক্তভোগী মোছা. রেসমি বেগম (৪০) নামের এক নারী।
মামলায় যাদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, তারা হলেন— মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)।
এজাহারে রেসমি বেগম উল্লেখ করেন, তিনি প্রায় ১৭ বছর ধরে শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে নিয়মিত জিয়ারত করে আসছেন এবং বিভিন্ন ওরস ও মানত অনুষ্ঠানে সহযোগিতা করেন।
হামলার ঘটনার বর্ণনায় এজাহারে বলা হয়, ঘটনার সময় রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মাজারে জিয়ারত ও মানত চলাকালে আসামি ও অজ্ঞাতনামা ১০০–১৫০ জন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মাজারের প্রধান গেট দিয়ে প্রবেশ করে। পরে তারা জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির সহযোগী এবং অঙ্গসংগঠনের সদস্যদের অভিযুক্ত করে আরও বলা হয়, হামলাকারীরা মাজারের শিরনি, লাল কাপড়, মোমবাতি রাখার স্থানসহ বিভিন্ন ধর্মীয় উপকরণ ভাঙচুর ও ছিঁড়ে ফেলে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, তিনি হামলায় বাধা দিতে গেলে আসামিরা তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একই সঙ্গে তাঁর পোশাক টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং হত্যার উদ্দেশ্যে মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ছাড়া মাজারের রান্নাঘরের খিচুড়ি তৈরির চুলা ও পাতিল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় এবং বাদীর কাছ থেকে ৬ হাজার টাকা ও অন্যান্য ভক্তদের কাছ থেকে সর্বমোট প্রায় ৯০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও এজাহারে দাবি করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মী ও ভক্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে উল্লেখ করা হয়। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসার প্রস্তুতির কথা বলা হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
৪৩ মিনিট আগে
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) তাদের গ্রেপ্তার দেখানো হয়।
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার পূর্বরাখি গ্রামসংলগ্ন নদীতীরে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত জিওব্যাগ, কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে