Ajker Patrika

বরিশালে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১: ৪৪
বরিশালে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত, আটক ৪
আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নগরীর কালীবাড়ি রোড এলাকার হাসান মাহমুদ খান, একই এলাকার আব্দুল্লাহ আল তামিম, প্রতিম আচার্য ও হৃদয় দাস।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল কয়েকজন যুবক জগদীশ সারস্বত স্কুলের সামনে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি। এ সময় আমরা এই চারজনকে আটক করি এবং অভিভাবকেরা তাদের চিহ্নিত করে।’

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে এলাকায় কথিত একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ইভটিজিং, মাদক কর্মকাণ্ড, চুরি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযানের সময় উপস্থিত কয়েকজন অভিভাবক পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান।

অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের সামনে এ ধরনের আচরণের কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চারজন উত্ত্যক্তকারীকে আটক করেছে এবং পরে তাঁদের কাছে হস্তান্তর করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত