
অর্পিতা নওশিন (২২) নামের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলেজ হোস্টেলের কক্ষ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীদের অভিযোগ, নওশিন মেডিকেল কলেজের একজন শিক্ষকের রোষানলে ছিলেন। তাঁকে প্রতিনিয়ত মানসিক চাপে রাখা হতো। একটি বিষয়ে পাঁচবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। এতে মানসিক চাপে নওশিন ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন।
নওশিন কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনা নগরে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহপাঠী জানান, প্রথম বর্ষ থেকে নওশিন কলেজের অ্যানাটমি বিভাগের এক শিক্ষকের রোষানলে পড়েন। প্রথম প্রফেশনাল পরীক্ষায় অন্য সব বিষয়ে উত্তীর্ণ হলেও অ্যানাটমিতে অকৃতকার্য হন। এরপর গত তিন বছরে আরও চারবার একই বিষয়ে পরীক্ষা দিয়েও তিনি পাস করতে পারেননি। একই ব্যাচের অন্য শিক্ষার্থীরা পঞ্চম বর্ষে উঠলেও তিনি প্রথম প্রফেশনাল পরীক্ষাতেই আটকে ছিলেন। জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে বাধ্য হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
তদন্ত কমিটি
এদিকে ঘটনার পর আজ শনিবার কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন বলেন, ‘চিকিৎসক হওয়ার আগেই একজন শিক্ষার্থীর এমন মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। কারও অবহেলা বা দায় থাকলে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযুক্ত শিক্ষকের মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ময়নাতদন্ত শেষে শিক্ষার্থীর ভাই মরদেহ নিয়ে গেছেন। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
শখ ছিল মেয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে
‘অনেক শখ ছিল মেয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। সব শেষ হয়ে গেল। মেয়ের শখ পূরণে কষ্ট হলেও তাঁকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছি। ছোট মেয়ে হিসেবে যা আবদার করেছে, দিয়েছি। কিন্তু কী কারণে সে আমাদের ছেড়ে চলে গেলে এখনো বুঝতে পারছি না।’ আজ শনিবার বিকেলে খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডের নিজ বাড়িতে বসে কথাগুলো বলছিলেন নওশিনের বাবা আনোয়ার হোসেন। একটু পরপর বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
নওশিনের ভাই শাহরিয়ার আরমান সাংবাদিকদের বলেন, ‘আমার বোনের এমন কোনো মানসিকতা ছিল না যে সে আত্মহত্যা করবে। শিক্ষকের মানসিক চাপের কারণেই হয়তো সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নওশিন প্রায়ই অ্যানাটমি বিভাগের মনিরা ম্যাডামের (ডা. মনিরা জহির) কথা বলত। প্রথম বর্ষ থেকে তিনি আমার বোনকে মানসিকভাবে নিপীড়ন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। অন্য সবাইকে পাস করানো হলেও আমার বোন সব বিষয় পাস করেও শুধু ওই একটি বিষয়ে তাকে বারবার আটকে রাখা হয়েছে।’
শাহরিয়ার আরমান বলেন, ‘আমি একাধিকবার জানতে চেয়েছি, তার সমস্যাটা কোথায়; কিন্তু কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি। আমার বিশ্বাস, যাঁরা তাকে এভাবে মানসিক চাপ দিয়ে নিপীড়ন করেছেন, তাঁরাই এই ঘটনার জন্য দায়ী। আমি ওই শিক্ষকের বিচার দাবি করছি।’

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরেরা হচ্ছে মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। এতে গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
দারিদ্র্য ও বৈষম্য কমাতে ভালো রাজনীতি ও অর্থনীতি প্রয়োজন। এই দুইয়ের সম্পর্ক পরস্পর যমজ ভাইয়ের মতো। ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবার ভালো অর্থনীতি ছাড়া ভালো রাজনীতির নজিরও পৃথিবীর কোথাও নেই। এই দুইয়ের অভাবেই দারিদ্র্য ও বৈষম্য তৈরি হয়। বাধ্য হয়ে মানুষ রাস্তায় নেমে আসে...
৩ ঘণ্টা আগে
যশোর গণহত্যার অধিকাংশ শহীদ রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় তাঁদের স্বজন, মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় যশোর গণহত্যা দিবসে আয়োজিত স্মরণসভায় বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেন।
৪ ঘণ্টা আগে