
জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৭ মে) রাতে নগরীর টাইগারপাস এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের উপস্থিতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রবেশমুখে বিক্ষোভ করেন এনসিপি মহানগর শাখার নেতাকর্মীরা। এ সময় তারা টাইগারপাস এলাকায় অবস্থিত চসিক কার্যালয়ের সামনে ব্যারিকেড দেন এবং সড়ক ও দেয়ালে নতুন করে বিভিন্ন স্লোগান লেখেন। কয়েকটি স্লোগানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে ইঙ্গিত করা হয়।
পরে এনসিপির নেতাকর্মীরা সেখান থেকে সরে গেলে টাইগারপাস এলাকায় মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গ্রাফিতি নষ্ট করতে লোক পাঠানোর অভিযোগ তোলেন এবং নেতাকর্মীদের চসিক কার্যালয়ের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।
এরপর রাত ১১টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা টাইগারপাস এলাকায় অবস্থান নেন। এ সময় তারা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
রাত সাড়ে ১২টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে রাত সোয়া ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে নগরের লালখান বাজার এলাকায় যান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সেখানে তিনি নেতাকর্মীদের সামনে বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানের সময় নিজের ওপর হওয়া নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরে মেয়র বলেন, ‘গ্রাফিতি নিয়ে আমার অবস্থান তুলে ধরার পরও এনসিপির এক বিতর্কিত নেতা শহরকে অশান্ত করার চেষ্টা করছে। জুলাই বিপ্লবে আমার বাসায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, ১৬টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার সামনে মায়াকান্না করে লাভ নেই। আর্ট কলেজের শিক্ষার্থীদের দিয়ে নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হবে। চসিক এ জন্য টাকা দেবে। যদি চসিক না পারে তাহলে আমার পকেটের টাকায় এটি বাস্তবায়ন করব।’
অন্যদিকে চসিক মেয়রের মেয়াদ চলে গেছে উল্লেখ করে তাঁকে পদ থেকে দ্রুত সরে যাওয়ারও আহ্বান জানান এনসিপি নেতা আরিফ মইনুদ্দিন।

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সোমবার পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
১০ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল
১৪ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।
১৬ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
১৭ মিনিট আগে