Ajker Patrika

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার: ডিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭: ৩৫
নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার: ডিবি
ফাইল ছবি

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

অতিরিক্ত কমিশনার জানান, গতকাল রোববার রাতে মাগুরা থেকে বিকাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি বলেছে, ঘটনার দিন দুপুরে ইসিবি চত্বরের খাবারের একটি দোকানে বসে হামলার পরিকল্পনা করা হয়। বৈঠকে বিকাশ উপস্থিত ছিলেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর-লুটপাট করা হয়। সেদিন রাতেই ঘটনার বিবরণ দিয়ে সালমান একটি ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আবাসন প্রকল্পটিতে হামলা চালানো হয়। হামলার দিন দুপুরে বৈঠকের পর বিকেলে দুই জায়গায় লোক জড়ো করা হয়। পাঁচটি পিকআপ ভ্যানে করে ও হেঁটে ঘটনাস্থলে যান প্রায় ২০০ জন। রাত সাড়ে ১০টার দিকে মূল ফটকে গুলি ছুড়ে হামলা শুরু করেন তাঁরা। হামলায় অংশ নেন মিরপুরের মো. ইব্রাহিম ও মামুন বাহিনীর সদস্যরা। পুলিশের তালিকায় ইব্রাহিমের নাম ‘কিলার ইব্রাহিম’।

হামলার ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে ডিবির গুলশান বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত