Ajker Patrika

আনোয়ারার উপকূলে জাহাজে দুই নাবিকের মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৬, ০৮: ৪৭
আনোয়ারার উপকূলে জাহাজে দুই নাবিকের মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং এমটিকেপিপি০১ (MTKPP01) নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম সানইয়াপং কালাহান।

আহত থাইল্যান্ড নাগরিককে চট্টগ্রাম মেডিকেলে আনেন শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন। তাঁর বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত