Ajker Patrika

পাবনার সেই যুবদল নেতা ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত

পাবনা প্রতিনিধি
পাবনার সেই যুবদল নেতা ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত
যুবদল নেতা শফিউল আলম বাবু। ছবি: সংগৃহীত।

পাবনার সুজানগর উপজেলার সেই যুবদল নেতা শফিউল আলম বাবুকে (৪২) ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোছা. তাবাসসুম আক্তার সাজার আদেশ দেন।

‎দণ্ডপ্রাপ্ত শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চরমানিকদী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১২ জুলাই) সন্ধ্যায় মাদকসংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা সুজানগর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তাঁর মুক্তির দাবি জানান। রাত পর্যন্ত তাঁরা থানার সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন। এ সময় আটক যুবদল নেতার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেয় পুলিশ। তবে তাঁর পরিবারের সদস্যরা এতে আপত্তি জানান। অবস্থা বেগতিক দেখে থানা ত্যাগ করেন নেতা-কর্মীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। পরদিন পাবনা পুলিশ হাসপাতালে শফিউল আলম বাবুর ডোপ টেস্ট করা হলে তাঁর শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আটকের পর ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় আদালত আইন অনুযায়ী তাঁকে দণ্ড দিয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত