শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার চেষ্টা করছে পালিয়ে যাওয়া অপশক্তি: পাবিপ্রবি উপাচার্য

গত ২০ বছর দেশে বৈধ শাসন, আইনের শাসন ও ভোটাধিকার ছিল না বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।
আজ শনিবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন উপাচার্য। সাধারণ শিক্ষকদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, ফ্যাসিস্টদের অপশাসনে অতিষ্ঠ হয়ে জনগণ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিতাড়িত করেছে। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা এই যাত্রা, অগ্রগতি ও স্বাধীনভাবে চলার পথ পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।
অধ্যাপক আবুল হাসনাত মোহাঃ শামীম আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতেই এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ফ্যাসিস্ট সরকারের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে। জেল-জুলুম সহ্য করেও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করে সরকারের ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। অতীতের মতো পলাতকদের ষড়যন্ত্রের বিরুদ্ধেও শিক্ষক সমাজকে প্রতিবাদ জানাতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।









