সাঁথিয়ায় জমির বিরোধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা আজিজল হক নামের এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের দোপমাঝ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই আজিজল হক বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দোপমাঝ গ্রামের মাদ্রাসাসুপার আজিজল হকের সঙ্গে একই গ্রামের সোহেল রানা ও তাঁর লোকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বিকেলে সোহেলের লোকজন আজিজল হকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, পেঁয়াজ ও পাট লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত সোহেল বলেন, ‘ঘরের বেড়া খুলেছি। আর আমার সঙ্গে যারা ছিল, তারা হয়তো ঘরদুয়ার ভাঙচুর করেছে। তবে লুটপাট করিনি।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









