Ajker Patrika

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুর প্রতিনিধি 
বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’
আটক অটোরিকশাচালক ছাদুল্লাহ। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে বাজি ধরে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আজ বুধবার বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কোয়ালিকান্দি বাজারে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫০০ টাকা বাজি ধরে ছাদুল্লাহ জীবন্ত একটি পাখি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি নড়াচড়া করছিল। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন। ঘটনাটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। তাঁদের মধ্যে কেউ কেউ উল্লাস করেন বলেও জানা গেছে।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সচেতন মহল বলছে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন আচরণ অমানবিক ও নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আটকের পর অভিযুক্ত ছাদুল্লাহ বলেন, ‘৫০০ টাকার বাজিতে এই কাজ করেছি। বিবেকে নয়, আবেগে খেয়ে ফেলেছি।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে আটক করেছে। বন্যপ্রাণী অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা এসে ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ঘটনায় বন্যপ্রাণী নিরোধ আইনে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত