
জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে ছাত্রদলের এক নেতাকে মারধরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর থানা মোড় এলাকায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের সুলতান মাহমুদ মডেল কলেজে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, এমপির মেয়ে ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা সাফিজ বিনতী এবং কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সদস্য সানজিয়া সাফিজ দ্যুতি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালে কলেজের বাইরে এমপির বড় মেয়ে বিনতীর অনুসারী উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমতের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং নবাবের অনুসারী রিয়ান আহমেদ রিপনের কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সমাধান হয়নি।
এরপর কয়েকজন নেতা-কর্মী কলেজ গেট এলাকায় অবস্থান নিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অনুষ্ঠান শেষে এমপি সুলতান মাহমুদ বাবু দুই মেয়েকে নিয়ে এবং নুরুল ইসলাম নবাব জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে গাড়ি রেখে সেখানে অবস্থান নেন। স্থানীয় সূত্রের দাবি, মাগরিবের আজানের সময় দেশীয় অস্ত্রসহ একদল লোক ডাকবাংলো প্রাঙ্গণে প্রবেশ করে। তাঁরা প্রথমে নবাবের গাড়ি ভেবে এমপির গাড়ি ভাঙচুর করে। পরে বিষয়টি বুঝতে পেরে দ্বিতীয় দফায় নবাবের গাড়িও ভাঙচুর করা হয়।
রাত ৮টার দিকে ভাঙচুর করা গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখতে থানায় নেওয়া হয়। এ সময় গাড়ি থেকে পানির বোতল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে রাত সোয়া ৮টার দিকে এমপি সুলতান মাহমুদ বাবু দুই মেয়েকে নিয়ে অন্য একটি মাইক্রোবাসে করে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামের বাড়িতে চলে যান।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশসহ (ডিবি) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘এমপির বড় মেয়ে বিনতীর অনুসারীরা আমার গাড়ি ভেবে ভুলবশত এমপির গাড়ি ভাঙচুর করেছে। পরে বিষয়টি বুঝতে পেরে তারা আমার গাড়িও ভাঙচুর করে।’
এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, ‘দলের নাম ব্যবহার করে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। গাড়ি ভাঙচুরের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুল ওয়াহাব মাস্টার বলেন, ‘কতিপয় নেতা-কর্মী রাজনৈতিক বিরোধের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। দ্রুত এসব বিরোধের সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ভাঙচুর ও মারধরের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামপুর বিএনপির অভ্যন্তরে বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ তৈরি হয়েছে। এ নিয়ে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযোগের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
২৫ মিনিট আগে
বিএনপির অভ্যন্তরীণ বিভেদ-বিভক্তির সুযোগ নিয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
৩৪ মিনিট আগে
টানা বর্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলোপাড়ায় একটি পোলট্রি খামার প্লাবিত হয়েছে। এতে সাদেক পোলট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে। খামারমালিকের দাবি, এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চাররাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি
৩৯ মিনিট আগে