
রাজধানীর খিলক্ষেতে চোরাই সোনার চেইন উদ্ধারে গিয়ে এসআরবি ও পুলিশের যৌথ আভিযানিক দলের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. মিজানুর রহমান রেনুর বিরুদ্ধে। এ ঘটনায় রেনুসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় এসআরবি ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর মো. সাজু (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনু, বাবলুসহ অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় করা একটি মামলার পলাতক আসামি মো. রিয়াজুল ইসলামকে (৪৫) রাজধানীর খিলক্ষেতের টানপাড়া এলাকা থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রিয়াজুল দাবি করেন, তাঁর কাছে থাকা একটি চোরাই সোনার চেইন খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার টানপাড়া রোডের অনন্যা জুয়েলার্সে রবীন্দ্রনাথ সরকার নামের এক ব্যক্তির কাছে বন্ধক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে চেইনটি উদ্ধারে মঙ্গলবার দুপুরে এসআরবি ও পুলিশের ৯ সদস্যের একটি যৌথ দল ওই দোকানে যায়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন। এ সময় রেনু উপস্থিত লোকজনকে চেইন ফেরত না দেওয়ার জন্য উসকানি দেন এবং ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
এজাহার অনুযায়ী, রেনু ভারী লোহার রড দিয়ে কনস্টেবল মাহবুবুল হোসেন তপনের মাথায় আঘাত করেন। তিনি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে ডান হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হন। পরে তাঁর হাঁটুতেও আঘাত লাগে। অন্যদিকে, সাজুর বিরুদ্ধে এসআরবির ল্যান্স করপোরাল মো. ইসরাইল হোসেনের শার্টের কলার ধরে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি ধারালো ছুরি দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ রয়েছে। বাবলুর বিরুদ্ধে কনস্টেবল গোলাম মোর্শেদকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রেনু, বাবলুসহ অন্য অভিযুক্তরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। আহত তিন সদস্যকে উদ্ধার করে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক এ কে এম জামাল উদ্দিন খান বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা করেছেন। মামলায় বেআইনি জনসমাবেশ, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশনস) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা গুরুতর অপরাধ। এলাকার সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। রেনু, বাবলুসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে