
চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ রোববার দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় ত্রাণ বিতরণ শেষে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, ‘যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে।’ পরিস্থিতি মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে বারবার কথা বলছি। কক্সবাজার, পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামে যখনই বৃষ্টি শুরু হয়, আমরা বিষয়টি নিয়ে সংসদে সোচ্চার হয়েছি। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী তখন সংসদে দাঁড়িয়ে বিভিন্ন ব্যবস্থার কথা বললেও, বর্তমানে খোদ প্রধানমন্ত্রী নিজেই স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তায় নাখোশ বলে নিউজে দেখা যাচ্ছে। আমরা আশা করব, সরকার দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেবে।’
আনোয়ারার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেহাল দশা এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আগে থেকেই এখানে কাজ করছেন। আমরা এসে দেখলাম, দীর্ঘ ৫–৭ দিন ধরে এখানে কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ স্থানীয় এমপি কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি। মানুষ কোনো ত্রাণও পায়নি।’
বেড়িবাঁধ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে নাহিদ ইসলাম আরও বলেন, ‘স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানলাম, বেড়িবাঁধের সমস্যার কারণেই বছরের পর বছর ধরে এই কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবার বাজেটে বেড়িবাঁধের জন্য যে টাকা রাখা হয়েছে, তার একটা টাকাও আমরা দুর্নীতি বা লুটপাট হতে দেব না। সংসদে আমরা এই বেড়িবাঁধের কথা শক্তভাবে তুলব, যাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করে দ্রুত বাঁধের কাজ শেষ করা হয়।’
চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি জানান, আনোয়ারা শেষে তারা বাঁশখালীসহ বন্যাদুর্গত অন্যান্য জেলাগুলোতেও নিজেদের সক্ষমতা অনুযায়ী ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা ও অন্যান্য জরুরি যেকোনো প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ও বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী এ তথ্য নিশ্চিত করেন।
৩ মিনিট আগে
বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়। আদালত সেটি গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
৯ মিনিট আগে
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগ, ৭৫ শতাংশ পদ সংরক্ষণ নীতি সংশোধন করে শতভাগ পদ সংরক্ষণ এবং প্রয়োজনে ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদ সংগ্রহপূর্বক দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিয়োগের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রার্থীরা।
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৪১ মিনিট আগে