Ajker Patrika

তোফাজ্জালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পাথরঘাটায় দোয়া, দ্রুত বিচার দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
তোফাজ্জালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পাথরঘাটায় দোয়া, দ্রুত বিচার দাবি
আজ জুমার নামাজের পর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তোফাজ্জালের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জাল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তোফাজ্জালের গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের একটি মাদ্রাসা-মসজিদ এবং পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে এসব আয়োজন করা হয়। এর আগে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন শরিফ খতম করা হয়।

জুমার নামাজের পর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তোফাজ্জালের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া করা হয়।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জালকে আটক করে মারধর করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত শেষে মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে মামলাটি।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তোফাজ্জালের স্বজনেরা দ্রুত অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত