Ajker Patrika

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০০: ০১
কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
দলীয় কার্যালয়ে ভাঙচুর করা গাড়ি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নগরের মোগলটুলীর ফারুকী হাউসে অবস্থিত দলটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। কার্যালয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

দলীয় সূত্র বলছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচনকে কেন্দ্র করে নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। আজ সন্ধ্যায় কার্যালয়ে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাদের বৈঠক চলাকালে কমিটি গঠন নিয়ে সেই বিরোধ প্রকাশ্যে আসে।

এরই জের ধরে মহানগর জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

দলটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতের মহানগর কমিটি সাধারণত দুই বছর পরপর গঠিত হয়। রুকনদের ভোটে আমির নির্বাচিত হন। বর্তমান কমিটির আমির কাজী দ্বীন মোহাম্মদ দুই যুগের বেশি সময় ধরে এ পদে রয়েছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। পরে তিনি নতুন কমিটিতে না থাকার আগ্রহ প্রকাশ করেন।

দলীয় সূত্র অনুযায়ী, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও এমদাদুল হক মামুনের মধ্যে আমির পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছিল। রুকনদের ভোটে তাঁদের দুজনের একজন আমির নির্বাচিত হতে পারেন বলে দলের একাংশের ধারণা ছিল।

দলীয় সূত্র আরও জানায়, সম্প্রতি কেন্দ্রীয় কমিটি বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ ও দুই নায়েবে আমিরকে ঢাকায় কেন্দ্রে নিয়ে যায়। এরপর নতুন আমির নির্বাচনে সেক্রেটারি মাহবুবুর রহমানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

মাহবুবুর রহমানের বিরোধী একটি অংশের নেতা-কর্মীরা সন্দেহ করছেন, কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত ও নেতাদের ঢাকায় নেওয়ার ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে। মহানগর জামায়াতের একটি পক্ষ এ বিষয়ে কেন্দ্রীয় আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে বলেও জানা গেছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

সংঘর্ষের বিষয়ে এমদাদুল হক মামুন ও মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নগরের মোগলটুলীর ফারুকী হাউসে মহানগর জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

আজ রাতে মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৭টার দিকে দলীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কয়েকজন যুবক সভাস্থলে প্রবেশ করে হইচই করেন। পরে চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তাঁরা দলটির একটি গাড়ি ভাঙচুর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্ত চলছে। এর পেছনে কারা জড়িত ও কেন তাঁরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, তা বিস্তারিত জানার পর গণমাধ্যমকে অবহিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত