Ajker Patrika

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

পাবনা প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২: ৪৯
আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা
আদালতের মধ্যস্থতায় মাকে ঘরে ফিরিয়ে নিয়েছেন ছেলে সাগর হোসেন। ছবি: আজকের পত্রিকা

অবশেষে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের হস্তক্ষেপে পাবনার সাঁথিয়ায় ছেলের কাছে আশ্রয় না পাওয়া সেই মা ছেলের ঘরেই ফিরলেন। সেই সঙ্গে মায়ের ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন গ্রাম পুলিশ ছেলে সাগর হোসেন। হাসি ফুটেছে মা-ছেলের মুখে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মা মুন্নি খাতুনকে (৫০) নিজের সঙ্গে রেখে ভরণপোষণ দিতে রাজি ছিলেন না পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাগর হোসেন (৩০)। ছেলের কাছ থেকে ভরণপোষণ ও আশ্রয় পাওয়ার আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেন মুন্নি খাতুন। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী সুরাহা হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) মায়ের করা অভিযোগের বিষয়ে ইউএনও সেলিম আহমেদের শুনানিতে মুন্নি খাতুন ও তাঁর ছেলে উপস্থিত হোন। ইউএনও সাগরকে বারবার বোঝানোর চেষ্টা করেন।

তবে মাকে নিজের সঙ্গে না রাখার বিষয়ে অনড় থাকেন ছেলে। একপর্যায়ে তিনি ইউএনওকে বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। আমি মাকে সঙ্গে রাখতে পারব না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব।’

সাঁথিয়া ইউএনওর কার্যালয়ের এমন একটি ঘটনার ভিডিও ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। ঘটনাটি নজরে আসে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি ম্যাজিস্ট্রেটের। আদালত স্বপ্রণোদিত হয়ে গতকাল রোববার বিকেলে সাঁথিয়া থানার ওসিকে ছেলে ও মাকে নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আদালতের নির্দেশে পুলিশের গাড়িতে করে মা ও ছেলেকে নিয়ে আদালতে হাজির করা হয়। বিচারক মা ও ছেলের কথা শুনে সমাধান করে দেন। বিচারকের মধ্যস্থতায় ছেলে তাঁর মাকে ভরণপোষণ দিতে রাজি হন। সেই সঙ্গে ভুল স্বীকার করে মাকে জড়িয়ে ধরেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান। মায়ের সঙ্গে আর এমন আচরণ করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

মায়ের হাত ধরে ক্ষমা চান ছেলে সাগর হোসেন। ছবি: আজকের পত্রিকা
মায়ের হাত ধরে ক্ষমা চান ছেলে সাগর হোসেন। ছবি: আজকের পত্রিকা

মুন্নী খাতুন প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এখন খুব খুশি। ছেলেটা তার ভুল বুঝতে পারছে, আমাকে ঘরে তুলে নিছে, তার কাছে রাখবে। এর চেয়ে খুশির আর কী হতে পারে!’

ছেলে সাগর হোসেন বলেন, ‘আমি ভুল বুঝতে পেরেছি। মাকে অসম্মান করেছিলাম। এটা আমার ঠিক হয়নি। বিজ্ঞ বিচারক মহোদয় আমার ভুল ধরিয়ে দিয়েছেন। বাকি জীবন মাকে সঙ্গে নিয়েই বাঁচতে চাই। সবাই দোয়া করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত