Ajker Patrika

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ট্রেড ইউনিয়ন করায় বরিশাল নগরের সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

নগরীর রুপাতলীর এই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে চরম দুর্ভোগে পড়ে এই রুটের যাত্রীরা। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিকনেতাকে কাজে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের অধিকার নিশ্চিতের অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন করায় এখানকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহসাধারণ সম্পাদক খুকু মনিকে ছাঁটাই করা হয়; যা পুরোপুরি অমানবিক ও অগণতান্ত্রিক। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের কাজে ফিরিয়ে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।

সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা
সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অবরোধের কারণে মহাসড়কে যানবাহনে আটকে পড়া পটুয়াখালীর যাত্রী সাজ্জাদুল ইসলাম বলেন, ঢাকা থেকে নির্বিঘ্নে এলেও অবরোধে আটকে এখন চরম ভোগান্তিতে আছি। মহাসড়ক অবরোধ না করে অন্যভাবে দাবি আদায়ের আন্দোলন করলে যাত্রীদের দুর্ভোগ হতো না।

আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের অধিকার। সেই অধিকার ক্ষুণ্ন করতে সোনারগাঁও টেক্সটাইল মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অন্যায়ভাবে ছাঁটাই ও নিপীড়ন চালাচ্ছে। সর্বশেষ ট্রেড ইউনিয়ন করার কারণে দুজন শ্রমিকনেতাকে চাকরি থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। এটা অন্যায় এবং অমানবিক। অবিলম্বে চাকরিচ্যুত দুই শ্রমিকনেতাকে কাজে ফিরিয়ে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত