Ajker Patrika

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২২
পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, সকালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।

বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এর আগে গত জানুয়ারিতে আইজিপি তাঁর সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।

এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত