Ajker Patrika

ত্রাণ ও পুনর্বাসনে সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ক্ষতিগ্রস্ত সবাই সহযোগিতা পাবেন: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি 
ত্রাণ ও পুনর্বাসনে সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ক্ষতিগ্রস্ত সবাই সহযোগিতা পাবেন: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটিতে চলমান দুর্যোগ মোকাবেলায় সরকার প্রথম দিন থেকেই তৎপর রয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষ হওয়ার পরপরই দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

আজ রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চলমান সংকট সুচারুভাবে মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী সমন্বয়ক হিসেবে এলাকা-ভিত্তিক বিশেষ দায়িত্ব দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, জেলার সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং সবার মতামত শুনে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্যোগে কৃষি, মৎস্য, সড়ক ও বিদ্যুৎ খাতের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং দ্রুত সংস্কারের জন্য ইতিমধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার করে প্রতিমন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে। চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে যেন কোনো ধরনের সুদ নেওয়া না হয়, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি বরাদ্দ যথাযথভাবে এবং স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয়ের কোনো ঘাটতি নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একই ব্যক্তি যেন বারবার সহযোগিতা না পায় এবং কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যেন তালিকা থেকে বাদ না পড়ে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত