সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা একটি পক্ষের

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কার্বারি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ ও সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন জয় চাকমা এ ঘোষণা দেন। বিবৃতিতে সাজেকে ইউপিডিএফ উসকানি ও প্ররোচনা দিয়ে সাধারণ মানুষকে জোর করে কর্মসূচিতে নামাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিনের সড়ক অবরোধে সাজেকবাসীর জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইউপিডিএফ তাদের দলীয় স্বার্থে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি সৃষ্টি করেছে। দলীয় স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষকে মেরে ফেলার হুমকি দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো বলেও দাবি করা হয়।
নিরাপত্তাঝুঁকি ও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন জয় চাকমা জানান, সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
নতুন জয় চাকমা বলেন, সাজেকবাসীর চরম দুর্ভোগের অবসান এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অনির্দিষ্টকালের জন্য অবরোধ প্রত্যাহার করে নিচ্ছেন।
তবে অবরোধ নিয়ে নতুন কোনো ঘোষণা আসেনি গণ-অধিকার রক্ষা কমিটির কাছ থেকে। সে সঙ্গে গত শনিবার (৭ নভেম্বর) গঠিত ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি'র ডাকা অবরোধও বহাল রয়েছে।
উল্লেখ্য, পাহাড়ের নিরাপত্তা ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে প্রত্যাহারের দাবিতে গত ২২ অক্টোবর থেকে স্থানীয় কয়েকটি সংগঠন দফায় দফায় এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে।








