ফরিদপুরের মধুখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজার লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস (৪২) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত জাহিদুল বিশ্বাস ডুমাইন বিশ্বাসপাড়া গ্রামের মৃত বদিয়ার বিশ্বাসের ছোট ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন। তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বিশ্বাস ও তাঁর দুই ভাই জাহাঙ্গীর আলম বিশ্বাস (৫২), হাকিম বিশ্বাস (৪৮) একই বাড়িতে পৃথক ঘরে বসবাস করেন। তিন ভাইই কৃষিকাজ করেন এবং তাঁদের বাড়ির পাশে গরুর খামার রয়েছে।
মেজ ভাই হাকিম বিশ্বাস ও ছোট ভাই জাহিদুল বিশ্বাসের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গোয়ালঘরের গোবর ও পানি সরানো নিয়েও তাঁদের মধ্যে একাধিকবার ঝগড়া এবং সালিস-মীমাংসা হয়েছে।
আজ সকালে হাকিম বিশ্বাস তাঁর ঘরের সিঁড়ি নির্মাণ করছিলেন। একই সময়ে বাড়িতে জমে থাকা পানি ও গরুর বর্জ্য বের করার জন্য হাকিমের ঘরের সামনে দিয়ে ড্রেন খুঁড়ছিলেন জাহিদুল বিশ্বাস। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা মারামারিতে গড়ায়।
একপর্যায়ে হাকিম বিশ্বাসের ছেলে শাকিল বিশ্বাস (২৫) ও সাইমন বিশ্বাস (২২) কাঠের বাটাম দিয়ে চাচা জাহিদুলকে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় জাহিদুল মাটিতে পড়ে যান। স্বজনেরা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস মোল্যা বলেন, ‘ছোট বাড়ির জায়গা নিয়ে তিন ভাইয়ের মধ্যে প্রায়ই ঝামেলা হয়ে থাকে। এ নিয়ে কয়েকবার সালিসও হয়েছে। আজ গরুর ঘরের পানি বের করাসহ নানা বিষয় নিয়ে আবারও ঝামেলা হয়। একপর্যায়ে দুই ভাতিজার লাঠির আঘাতে জাহিদুল নিহত হন। তবে শুনেছি, জাহিদুলই আগে হাতে থাকা কোদাল দিয়ে ভাই-ভাতিজাদের ওপর চড়াও হন। পরে ভাতিজারা লাঠি দিয়ে মাথায় আঘাত করে।’
খবর পেয়ে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শক মারুফ হাসান বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
১৪ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩৪ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
১ ঘণ্টা আগে